চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলায় সম্মেলন না করে কেন্দ্রীয় কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এর জের ধরে পদবঞ্চিতের একাংশ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেলা ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ জুন জেলায় সম্মেলনের মাধ্যমে ফায়জার রহমান কনককে সভাপতি ও জিয়াউর রহমান আরমানকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত এপ্রিল মাসে প্রথম সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে গত ৩০ এপ্রিল জেলা ছাত্রলীগের সম্মেলন করার নির্দেশনা দেয়।
কিন্তু চাঁপাইনবাবগঞ্জে গত ১৬ মে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আগমনের কারণে যথাসময়ে ছাত্রলীগের সম্মেলন পিছিয়ে দেয়। গত ১৯ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে শাকিউল ইসলাম শাকিলকে সভাপতি, আরিফুর রহমান রেজা ইমনকে সাধারণ সম্পাদক ও মারুফ আহম্মেদ শাউনকে সাংগঠনিক সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি করে বলে জানান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক।
এর পরিপ্রেক্ষিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরে আনন্দ মিছিল করলে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে রাতভর শহরে দু’পক্ষই মুখোমুখি অবস্থান নেয়।
পদবঞ্চিত শহর ছাত্রলীগের সহ-সম্পাদক লেলিন প্রামাণিক জানান, অছাত্র ও মাদকাসক্তদের নিয়ে রাতারাতি কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি ঘোষণা করায় ত্যাগী ছাত্রলীগ নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এ কমিটি বাতিল না করলে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে গ্রহণযোগ্য নতুন কমিটি করার আল্টিমেটাম দেয়া হয়।
অন্যদিকে, নতুন কমিটির সভাপতি শাকিউল ইসলাম শাকিল জানান, নির্ধারিত সময়ের মধ্যে জেলা সম্মেলন না হওয়ায় কেন্দ্রীয় কমিটি নতুন কমিটির অনুমোদন দেয়। তবে নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে একটি অংশের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

