গাইবান্ধা প্রতিনিধি : ধান ও ভুট্টার দাম বৃদ্ধি আর উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি কেনার দাবিতে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা।
বুধবার বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী-পুরুষ ধান ফেলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে। পরে তারা বিক্ষোভ সমাবেশ করে ও গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে সুন্দরগঞ্জ সড়কে অবস্থান নেয়।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদ কৃষকদের নিয়ে ওই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সমাবেশে বক্তব্য দেন- বাসদ নেতা মঞ্জুর আলম মিঠু, আবু সাইদ সরকার, নিলুফার ইয়াসমিন শিল্পীসহ অন্যরা।
কৃষক নেতারা বলেন, ধানের বাম্পার ফলন হলেও দাম না পেয়ে কৃষকের এখন বাম্পার কষ্ট। ভরা মওসুমে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষীরা। বর্তমান বাজারে ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না।
কৃষক নেতারা ওই ধান ও ভুট্টা তারা আর বাড়িতে নিয়ে যাবেন না। রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাবেন। ন্যায্য দাম ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।

