নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অভূতপূর্ব সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই এটা সম্ভব হয়েছে।’
নাগরিক কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর গণসংবর্ধনাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন মায়া। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
ওই সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন- নগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
উল্লেখ্য, ভারতের রাজ্যসভায় ও লোকসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত বিল পাস হওয়া, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয় ও ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ আরো তিন বাঙালি নারীর বিজয় অর্জন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৯ মে গণসংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি।

