আবুল হায়াত বাচ্চু , সাভার : সাভার পৌরসভায় ৭ কোটি টাকার টেন্ডার জমা দেয়ার শেষ দিনে সরকার দলীয় লোকজন ঠিকাদারদের বাধা দেয়ার সময় পৌর গেট থেকে অস্ত্রসহ ২ টেন্ডারবাজকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে সাভার পৌরসভার প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ওসমান গণি রাসেল ও মো. ইব্রাহিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ছিল সাভার পৌরসভার প্রায় ৭কোটি টাকার টেন্ডার জমার দেয়ার শেষ দিন। এদিন সকাল থেকেই সরকার সমর্থক সংগঠনগুলোর নেতা-কর্মীরা সাভার পৌরসভার সামনে অবস্থান গ্রহণ করে। দলীয় নেতা-কর্মীরা এসময় কয়েকজন ঠিকাদারকে টেন্ডার জমাদানে বাধা দিতে গেলে ঘটনাস্থল থেকে ওসমান গনি রাসেল এবং ইব্রাহীমকে আটক হয়। এসময় আটক ওসমান গনি রাসেলের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম রিভলবার ও ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা সাভার উপজেলার সরকার দলীয় কর্মী বলে জানা গেছে।
সাভার মডেল থানা সহকারি পুলিশ সুপার রাসেল শেখ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাভার পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

