লাইফস্টাইল ডেস্ক : চলছে কাঁঠালের মৌসুম। রসে ভরা পাকা কাঁঠালে মন মজানোর আশায় কাঁচা কাঁঠালের দিকে চেয়ে দিন কাটে। তবে স্বাদের যোগান দিতে কাঁচা কাঁঠালও কিন্তু কম যায় না। কাঁচা কাঠলের ভুনা হতে পারে আপনার রসনা বিলাসের সঙ্গী। আসুন জেনে নেয়া যাক চিংড়ি-কাঁঠাল ভুনার সহজ রেসিপি।
যা যা লাগবে
কাঁচা কাঁঠাল ৫০০ গ্রাম, চিংড়ি ২৫০ গ্রাম, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আস্ত শুকনা মরিচ ৫ টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩ টা, লবঙ্গ ৩ টা, পাঁচ ফোড়ন সামান্য, তেজপাতা ২ টা, লবণ স্বাদমতো, তেল ২০০ গ্রাম।
যেভাবে করবেন
কাঁচা কাঁঠালের কোয়া ছাড়িয়ে ৫০০ গ্রাম পরিমাণ নিন। এবার মাঝারি কুচি করে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার কড়াইতে গরম তেলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ ছেড়ে ভাজতে থাকুন। হালকা নরম হয়ে এলে ধুয়ে রাখা চিংড়িগুলো ছেড়ে দিন। চিংড়ি সামান্য ভাজা হলে লবণ আর সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় কাঁঠাল সেদ্ধ দিয়ে আরেকটু কষিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করতে হবে ২০ মিনিট। বার বার নেড়ে দিতে হবে। ভুনা হয়ে এলে নমিয়ে আনতে হবে। এবার পরিবেশন করুন গরম ভাত বা রুটির সঙ্গে অসাধারণ স্বাদের কাঁঠাল ভুনা।

