লালমনিরহাটে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে গংগারহাট ও অনন্তপুর বিওপির ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৩০মিনিটে গংগারহাট বিওপির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার উত্তর বিদ্যাবাগিস এবং একই রাত ১১টা ৫০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গংগারহাট বিওপির এলাকা হতে ভারতীয় গাঁজা ৭.৫কেজি ও ১টি মোটর সাইকেল এবং অনন্তপুর বিওপির এলাকা হতে ইস্কাপ সিরাপ ৭৮টি বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

