মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ৬টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে ৩টিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানপাড়ার বিএনপি নেতা হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো ৩টি বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, একই ইউনিয়নের বোলতলা বাজারের নিকট অবস্থিত ব্রিজের উপর থেকেও আরও ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধার করা ৩টি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মূর্শেদ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বস্তুগুলো পানিভর্তি বালতিতে নিয়ে থানায় নেয়া হয়েছে।

