নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চুল্লি ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও, অভিযানের মাত্র এক ঘণ্টা পরই ভাটাগুলো পুনরায় চালু করার অভিযোগ উঠেছে। কোনো ধরনের অর্থদণ্ড বা জরিমানা না করায় এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দ্রুত ভাটাগুলো চালু হওয়ায় এই অভিযানকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছেন স্থানীয়রা। এতে পরিবেশ অধিদপ্তরের অভিযানের কার্যকারিতা ও সদিচ্ছা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নড়াইলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানের আওতায় ছিল মেসার্স আলো ব্রিকস, মেসার্স শেখ ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযান চলাকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে ইটভাটাগুলোর স্থাপনা ও চুল্লি এবং ট্রাক্টর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়ে ভবিষ্যতে পুনরায় ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার মাত্র এক ঘণ্টার মধ্যেই তিনটি ইটভাটাতেই পুনরায় কার্যক্রম শুরু হয়ে যায়। সরকারি নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কীভাবে ভাটাগুলো আবার চালু হলো, তা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, কঠোর শাস্তি বা জরিমানা না করে কেবল আংশিক স্থাপনা ভেঙে চলে যাওয়ায় এটি একটি ‘লোক দেখানো’ অভিযানে পরিণত হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসিফুর রহমান এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। এ বিষয়ে নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া সাংবাদিকদের জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১০ সালে সরকার নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনি ও ১২০ ফুট চিমনির সনাতন পদ্ধতির ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এ কারণে অভিযান চালিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এসব স্থানে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের সীমাবদ্ধতা থাকায় এখানে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনেরও কোনো বৈধ সুযোগ নেই। অভিযানে কোনো জরিমানা করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সহকারী পরিচালক জানান, ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আলাদাভাবে কোনো অর্থদণ্ড বা জরিমানা করা হয়নি। এদিকে, জরিমানা ছাড়াই দায়সারা অভিযান এবং এক ঘণ্টার মাথায় ভাটাগুলো পুনরায় চালু হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে হতাশা বিরাজ করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় কার্যক্রম চালানো এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কী ধরনের কঠোর পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।

