লালমনিরহাটে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে ১শত ২২টি বোতল এবং ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা ১৫মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা এবং কালীগঞ্জে পৃথক অভিযানে ১শত ২২টি বোতল এস্কাফ এবং ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এসআরবির মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন মিলন বাজারে মাজেদুল ইসলামের মুদি দোকানে অভিযান পরিচালনা করে ৪টি বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় দোকানের মালিক মাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পূর্ব সারডুবি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। পৃথক অপর একটি অভিযানে সিপিএসসি, এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে আয়নাল শেখের বাড়িতে তল্লাশী করে খাটের নিচে থেকে ৪৭টি বোতল এস্কাফ এবং ৪.৫লিটার খোলা (লুজ) এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় রুদ্রেশ্বর গ্রামের মৃত আব্দুল শহিদ শেখের ছেলে আয়নাল শেখ এবং জহুরুল ইসলামের ছেলে মোঃ রব্বানিকে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে একই তারিখ ভোর ৪টা ৩০মিনিটে সদর কোম্পানী এসআরবি-১৩ রংপুর এর আভিযানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর খামারভাতি গ্রামের আবু তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭১টি বোতল এস্কাফ জব্দসহ ঐ গ্রামের গোলাম মোস্তফা এর ছেলে আবু তাহের, আলমাস আলী এর ছেলে শামীম এবং আঃ মান্নান এর ছেলে মশিয়ারদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

