ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে এসে সরকারের সমালোচনা করে গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত তারিখ ছিল। তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ আদালতে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত পাঁচ শ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে দুপুরেই আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ২৪ অক্টোবর দুপুর ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ সাথীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে তারা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিও প্রকাশের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ অক্টোবর তাকে আদালতে পাঠানো হয়। এরপর বুধবার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। জামিনের আদেশের পর তাকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাথী আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের জেরে তার গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে জামিনের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

