খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় খালিশপুর ও দৌলতপুর অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এতে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি।
মঙ্গলবার সকালে নগরীর দৌলতপুর থানা এলাকার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় কেসিসি প্রশাসক নিয়মিত বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করছেন। ডেঙ্গু সংক্রমণের হার কমলেও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্বল্প আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে কেসিসির পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন।
পরিদর্শনকালে তিনি হেলালের বসতি ১ ও ২ এবং রেললাইন বসতি এলাকা ঘুরে দেখেন।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

