ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণহত্যায় অভিযুক্তদের মুক্তি চেয়ে দোসর সাংবাদিকদের মানববন্ধন, জেজেইউর প্রতিবাদ

Link Copied!

জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।

শুক্রবার (১৬ অক্টোবর) ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন মামলায় অভিযুক্ত সাংবাদিকদের ছবি প্রদর্শন করা হয়।

এক প্রতিবাদী বক্তব্যে জেজেইউ জানায়, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ ও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিচারপ্রক্রিয়া চলমান থাকা অবস্থায় অভিযুক্তদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এমন কর্মসূচি উদ্বেগের সৃষ্টি করে।

সংগঠনটি বলেছে, সাংবাদিক পরিচয় কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দিতে পারে না। একইভাবে, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাকে যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে, কোনো মামলা মিথ্যা বা হয়রানিমূলক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি প্রতিকার দিতে হবে।

জেজেইউ আরও বলেছে, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার অর্থ অপরাধের অভিযোগ আড়াল করা নয়। সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া। তাই জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের ক্ষেত্রে রাজনৈতিক বা পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

জেজেইউর সাত দফা দাবি
সংগঠনটি জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগ নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রমাণের ভিত্তিতে আইনানুগ বিচার, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক বা সাংগঠনিক চাপ বন্ধের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া সাংবাদিকতার স্বাধীনতার নামে জবাবদিহি এড়িয়ে যাওয়ার প্রবণতা বন্ধ, নিহত ও আহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা, পলাতক সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ এবং জুলাই অভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রাখা গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ট্রাইব্যুনালে মামলা বা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

জেজেইউর মতে, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ প্রমাণ এবং আইনের সুষ্ঠু প্রয়োগ অপরিহার্য। একই সঙ্গে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আইনগত অধিকার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ অক্ষুণ্ন রাখতে হবে।