কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার তিন নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তারা তৎপর ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, এ ব্যাপারে অফিসিয়ালি এখন পযর্ন্ত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশাদুর রহমান জানান, তাদের কোন মামলায় বা কি কারণে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অফিসিয়ালি এখন পর্যন্ত তাদের কোনো কিছু জানানো হয়নি।

