রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ১৫ অক্টোবর বিআরটিএ কার্যালয়ের কথিত দালাল বজলুর রহমান ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে অনুসন্ধান করছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। এ সময় তাকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে তথ্য সংগ্রহ অব্যাহত রাখলে বজলুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ রয়েছে।
এ সময় তাকে সংবাদ প্রকাশ না করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তার ক্যামেরা ও তথ্য সংগ্রহের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে উপস্থিত সেবাগ্রহীতা ও সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সরকারি কার্যালয়ে দালালচক্রের তৎপরতা এবং এর পেছনে কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।

