ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক স্থাপনা!

Link Copied!

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নে বাধা দূর করতে চারমাথা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। এতে টার্মিনালের সীমানা প্রাচীর ও প্রবেশমুখে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকানপাট এবং কয়েকটি সংগঠনের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।
সূত্র জানায়, বিশ্বব্যাংকের রেসিডেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) -এর আওতায় আনুমানিক ৬ একর জমিতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী পুরো জমির মূল অবকাঠামো দৃশ্যমান করতেই এই উচ্ছেদ চালানো হয়। অভিযান শুরুর আগে মাইকিং করে অবৈধ স্থাপনার মালিকদের মালামাল সরিয়ে নিতে আধঘণ্টা সময় দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে তিনটি এক্সকেভেটর নিয়ে মূল উচ্ছেদ অভিযান শুরু হয়। টার্মিনালের মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু করে মহাসড়কের প্রবেশমুখ পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয় সিম্ফনি মোবাইলের শোরুম, আকবরিয়া সুইটস ও এশিয়ান দই ঘরসহ একাধিক দোকান। এছাড়া বগুড়া-রাজশাহী-নওগাঁ সড়কের পাশের ফলের দোকান, খাবারের হোটেল, কনফেকশনারি ও ফ্লেক্সিলোডের দোকানও উচ্ছেদ করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় বগুড়া চারমাথা বাস-মিনিবাস-কোচ চালক সমবায় সমিতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখা কার্যালয়সহ কয়েকটি সংগঠনের অস্থায়ী অফিস। অভিযানকালে সরকারি কাজে বাধা দেওয়া ও উচ্ছেদ কার্যক্রমে অসহযোগিতার অভিযোগে আয়ান ভাতের হোটেলের ভেতর থেকে দুজনকে আটক করা হয়। অভিযানে রিজার্ভ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং কর্পোরেশনের স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনী অংশ নেয়। বগুড়া সিটি কর্পোরেশনের হাট-বাজার পরিদর্শক আব্দুল হাই বলেন, ১৯৯৯ সালে মাত্র ৬টি খাবারের দোকানের অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর কোনো দোকানের অনুমোদন পৌরসভার বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। আধুনিক টার্মিনাল নির্মাণের জন্য বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী পুরো ভূমি অবমুক্ত করা হচ্ছে। বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফান বলেন, সিটি কর্পোরেশনের নোটিশের ভিত্তিতে তারা শুরু থেকেই এই অভিযানে সব ধরনের সহায়তা প্রদান করছেন। পর্যাপ্ত সময় পাওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী নিজেরাই মালামাল সরিয়ে নিতে পেরেছিলেন। সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু বলেন, বারবার মাইকিং ও নোটিশ দেওয়ার কারণে ব্যবসায়ীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। ফলে উচ্ছেদের সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।