বিদ্যুৎ উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে ভূমিকা রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এরই ধারাবাহিকতায় রামপাল উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৮৬ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার কালেখারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড অব প্ল্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় রামপাল-মোংলা বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুলনামূলক কম খরচে দক্ষতার সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এ কেন্দ্র স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার প্রসারে ভূমিকা রাখা হচ্ছে। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণের পাশাপাশি বিজ্ঞানাগারের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, কর্তৃপক্ষের নীতিমালার আওতায় স্থানীয় মানুষের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিদিন বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখাই তাদের লক্ষ্য বলে জানান তিনি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মো. ওজিউর রহমান এবং কালেখারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা হিরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

