“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে রেড ক্রিসেন্টের সদস্য, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাধব চন্দ্র রায়, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

