জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে সরকারি ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের নীতি ও কর্মকাণ্ড পর্যালোচনা, ভুলত্রুটি চিহ্নিত করা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে ছায়া সংসদ গঠন করা হলে সরকারের কার্যক্রম পর্যালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপনের সুযোগ তৈরি হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আমলাতন্ত্র ও সিভিল প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকর সংস্কার নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা না গেলে উন্নয়ন কার্যক্রমের সুফল যথাযথভাবে জনগণের কাছে পৌঁছানো কঠিন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতান্ত্রিক অর্জন ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মেধা, মনন, নৈতিকতা ও গবেষণার মাধ্যমে যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতের শিক্ষক, গবেষক, কূটনীতিক, বিচারক, সাংবাদিক ও নীতিনির্ধারকদের তৈরি হতে হবে এখন থেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হোসনে আরা বেগম। এ সময় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

