ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার মাইমুনা নাহের (১) ও বিবি আয়েশা (০) দ্রুত আউট হয়ে বিপদে পড়েন। আরেক ওপেনার জান্নাত করেন ১৬ রান। তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। নিশি ২৬ রান করে রান আউট হলেও, মাত্র ২২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন অধিনায়ক সাদিয়া। এছাড়া সাদিয়া আক্তার ১৮ রান করেন। ১২০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরাও শুরুতেই ওপেনার নেটমি উপেক্ষাকে (৪) হারায়। তবে দ্বিতীয় উইকেটে গড়া বড় একটি জুটি শ্রীলঙ্কাকে জয়ের পথে শক্ত ভিত গড়ে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। এছাড়া বালাসুরিয়া ২১ ও মানুদি ১১ রান করে দলের জয় সহজ করেন। শেষ পর্যন্ত শেষ বলের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কান মেয়েরা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি, যিনি শিকার করেন দুটি উইকেট। এছাড়া ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট লাভ করেন।

