আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দলটি আসবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এছাড়া, বাছাইপর্ব বা সুপার সিরিজের লড়াই টপকে আসবে আরেকটি দল। মোট ১২টি দলকে নিয়ে আয়োজিত হবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্ব। ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আয়োজক হিসেবে রয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশ নিলেও নামিবিয়াকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব খেলে। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ২৩ অক্টোবর সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

