ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন জনপ্রিয় করতে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সোনালী ব্যাংকের এমডি বলেন, ক্যাশলেস সমাজ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এর মাধ্যমে গ্রাহক কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার পর সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। তিনি বলেন, ব্যবসায়ী, হকার, দোকানি থেকে শুরু করে সর্বস্তরের গ্রাহককে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে সোনালী ব্যাংক কাজ করছে। এর আগে ভিকারুননিসা নূন স্কুল শাখায় আয়োজিত বাংলা কিউআর লেনদেন প্রচারণা কার্যক্রম পরিদর্শন করেন মো. শওকত আলী খান। সেখানে তিনি বাংলা কিউআরের মাধ্যমে একজন ফুটপাতের হকারের কাছ থেকে পণ্য কেনেন। পরে মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআর প্রচারণায় অংশ নেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

