নিজস্ব প্রতিবেদক
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুবউল্লাহর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার বিকালে সংগঠনটির আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব কবি আবদুল হাই শিকদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি জানানো হয়।
ড. মাহবুবউল্লাহ শত নাগরিকের যুগ্ম আহ্বায়ক। শনিবার দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে তার ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।
শত নাগরিকের বিবৃতিতে বলা হয়, “ড. মাহবুবউল্লাহ দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক। অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় তার বিচরণ। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে অংশ নেয়া মাহবুবউল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সাহসী উচ্চারণের প্রতীক।” এ জন্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ শত নাগরিকের।
বিবৃতি দেয়া শত নাগরিকের নেতারা হলেন: আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমদ, যুগ্ম আহ্বায়ক বিচারপতি আবদুর রউফ, সদস্যসচিব কবি আবদুল হাই শিকদার, সদস্য অধ্যাপক ডা. এম এ মাজেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান (জাবি), অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার (ঢাবি), অধ্যাপক সদরুল আমিন (ঢাবি), অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (ঢাবি), অধ্যাপক আবদুর রহমান সিদ্দিকী (রাবি), অধ্যাপক আজহার আলী সরকার (রাবি), অধ্যাপক হাসান মোহাম্মদ (চবি), প্রকৌশলী আবু সুফিয়ান (চট্টগ্রাম), অধ্যাপক রেজাউল করিম (খুলনা) ও অধ্যাপক জাফরুল্লাহ চৌধুরী (খুলনা)।

