মোংলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। গত তিন মাসে উপজেলায় ২৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, উপজেলায় হামের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসে ১৫৯ জন হামে আক্রান্ত হয়েছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও হামে সব বয়সী মানুষ আক্রান্ত হলেও শিশু ও কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। ফলে এ দুই রোগের বিস্তার ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু ও হামের প্রকোপ ঊর্ধ্বমুখী। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। পাশাপাশি রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

