নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জুয়েল সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খাইরুল সিকদার (৪০), তার তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাদের মা কুলসুম বেগম (৫৫)। ভুক্তভোগী খাইরুল সিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন খাইরুল। খাইরুল সিকদার বলেন, ওই ঘটনার জের ধরে শনিবার রাতে তিনি ও তার তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় জুয়েল সিকদারের নের্তৃত্বে রুলু সিকদার, ইউনুস সিকদার, আসসাব সিকদার, আমানত সিকদার, ইউসুফ সিকদার, সিয়াম সিকদার, ইয়ামুল সিকদার, রাফিন সিকদার ও রুপসি বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও মারধর করে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হামলার সময় তাঁর স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।

