ঠাকুরগাঁও সদর উপজেলার পরিষদপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) পরিষদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিষদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

