ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিস্টোর বাজারের ব্যবসায়ীদের কোনো ধরনের ভয়ভীতি বা নির্যাতনের শিকার না হয়ে স্বাধীনভাবে ব্যবসা করার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সোমবার (২৪ আগষ্ট) সকালে সিস্টোর বাজার ব্যবসায়ী সমিতির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী হবিরবাড়ী ইউনিয়ন ও সিস্টোর বাজারে চলাফেরা করেন। তাদের কারও বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে কোনো ভয় বা আতঙ্ক থাকলে শুধু সেই ব্যক্তির নাম জানাতে বলেন তিনি। তিনি বলেন, আপনাদের কারও নামে কোনো ভয়-আতঙ্ক আছে কি না, শুধু সেটুকু বলবেন। সে কী করেছে, সেটি জানার প্রয়োজন নেই। শুধু বলবেন যে আমরা তাকে ভয় পাই। তাহলেই আমরা বুঝে নিতে পারব আপনারা কেন এই কথা বলেছেন। এ সময় তিনি সিস্টোর বাজারে সব ধর্ম ও রাজনৈতিক মতের মানুষের স্বাধীনভাবে বসবাস ও ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করার কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা যাতে নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে হবে। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমরা চাই এই সিস্টোর বাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং সকল রাজনৈতিক দলের মানুষ আপনারা স্বাধীনভাবে, মন খুলে, প্রাণ খুলে বসবাস করবেন, ব্যবসা-বাণিজ্য করবেন। কোনো বাধার সম্মুখীন হলে সেই বাধা উপড়ে ফেলার দায়িত্ব আপনাদের সংসদ সদস্য হিসেবে আমার। তিনি আরও বলেন, জাতীয় সংসদ দীর্ঘদিন চলমান থাকা এবং রাষ্ট্রীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচির কারণে গত ১৮০ দিনের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যাশিতভাবে মতবিনিময় করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, প্রতি মাসে অথবা অন্তত দুই মাসে একবার সিস্টোর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করতে চান তিনি। এর মাধ্যমে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের ভয়, আতঙ্ক বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়ার কথা জানান তিনি।সিস্টোর বাজার ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

