লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪টি মোটর সাইকেল এবং ১টি বাই সাইকেল জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) ১৬:০০ ও ১৮:২০ঘটিকায় বালারহাট বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চওড়াবাড়ি ও বালাটারী নামক স্থানে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক ব্যক্তিদের মোটর সাইকেলযোগে আসতে দেখে বিজিবি টহলদল তাদের থামার সংকেত দেয়। এ সময় সন্দেহজনক ব্যক্তিরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য বহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়। এছাড়াও, রোববার (২৩ আগস্ট) ১২:৫০ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজার, ১৯:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজার এবং সোমবার (২৪ আগস্ট) ০৪:১৫ ঘটিকায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন জকুরতল নামক স্থানে পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেল ও বাই সাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১শত ১টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৯.০২কেজি গাঁজাসহ ২টি মোটর সাইকেল ও ১টি বাই সাইকেল জব্দ করা হয়।

