ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য হলো ঠাকুরগাঁও-১ আসন

Link Copied!

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সংবিধানের বিধান অনুযায়ী এখন এ আসনে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শূন্য হওয়া আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় অবিলম্বে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে সাধারণত শূন্য হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাক, আদালতের আদেশ বা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব না হলে সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি নতুন করে পূর্ণ মেয়াদের জন্য নয়; বর্তমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণসহ নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন করবে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য হওয়ায় এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের ভোটার ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।