ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমদানি অর্থায়নে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন

Link Copied!

আমদানি অর্থায়নে আন্তর্জাতিক সুদের হারের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণ সুবিধার আওতায় ইউজেন্স আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারী গ্রাহকদের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবে। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআর হারের ভবিষ্যৎ ওঠানামার ঝুঁকি থেকে আমদানিকারকরা সুরক্ষা পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ চুক্তি শুধুমাত্র প্রকৃত আমদানি লেনদেনের সুদের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। কোনো ধরনের ফটকাবাজি বা অরক্ষিত অবস্থান গ্রহণের সুযোগ থাকবে না। চুক্তির মাধ্যমে আগাম একটি নির্দিষ্ট সুদের হার নির্ধারণ করা হবে এবং নির্ধারিত হার ও প্রচলিত মানদণ্ডের হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

ব্যাংকগুলোর জন্যও পৃথক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ফরওয়ার্ড রেট চুক্তি থেকে সৃষ্ট ঝুঁকি একই দিনে সমান্তরাল লেনদেনের মাধ্যমে পুরোপুরি সমন্বয় করতে হবে, যাতে ব্যাংক নিজস্ব হিসাবে কোনো বাজারঝুঁকি বহন না করে।

এছাড়া মূল্য নির্ধারণে ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ ভিত্তি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোনো ব্যাংকের মোট ফরওয়ার্ড রেট চুক্তির পরিমাণ গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

প্রজ্ঞাপনে আন্তর্জাতিক মানসম্মত চুক্তি কাঠামো অনুসরণ, দৈনিক বাজারমূল্যায়ন, কার্যকর অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং চুক্তির আগাম সমাপ্তির ক্ষেত্রে প্রচলিত বাজারদরে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব দলিলপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগ আমদানিকারকদের সুদের হারজনিত অনিশ্চয়তা কমাতে সহায়ক হবে। পাশাপাশি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে দেশে আর্থিক ডেরিভেটিভস বাজারের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।