জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌরসভা এলাকায় আগামী রবিবার ১২ হাজার ৭৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৫৯৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ১৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোংলা উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ১৯৬টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, দুর্গম এলাকা ও জেলে পল্লীর কোনো শিশুই যাতে এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প ব্যবস্থা রাখা হবে। এছাড়া লঞ্চঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। পরিকল্পনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সফল ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

