বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল হত্যা এবং ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ মন্ডল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিও জানান তারা। রবিবার (১৪ জুন) বিকেলে বারুইপাড়া বাজারে পুলিশ ক্যাম্পের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা এডভোকেট শেখ নুরুল ইসলাম, শহীদ মলঙ্গী, জিয়াউর রহমান লিটু, তরিক সরদার, বকতিয়ার হাওলাদার, মুজাহিদ শেখ, মুজাহিদ মোড়ল, রাকিব মোড়ল, ফরিদ মোড়ল, জিল্লু সরদার, কাশেম শেখ, আমজাদ খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন এখনো পর্যন্ত বাদল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আটক করতে পারে নাই। তাছাড়া হত্যাকান্ডের বিষয়টি নিয়ে জামাতে ইসলামী নামক দলটি মিথ্যা প্রোপাগন্ডা ছড়িয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে তারা মামলার আসামিদের রক্ষা করার চেষ্টা করছে। তারা উল্টো বিএনপি’র উপর দায় চাপাচ্ছে। কৃষক দল নেতা বাদল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। খুনিরা আটক করা না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। বারুইপাড়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া এই দলের সদস্যদের মনোবল ভাঙ্গা সম্ভব হবে না। ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র এবং বিএনপি নেতাকর্মীদের প্রতি আঘাত হানলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।

