ঢাবি প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোগী ছিলেন জাতীয় চারনেতা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জেলখানাতে এই চার নেতাকে খুন করা হলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই এই চার নেতা হত্যার সঙ্গে জড়িত।’
শনিবার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির সেমিনারে আয়োজিত ‘বাংলার স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।
গোলাপ বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটেনি। জেলখানাকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ জায়গা। অথচ সেখানেই এই চার নেতাকে খুন করা হলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও চার নেতার হত্যাকাণ্ডকে আলাদা করে দেখার সুযোগ নেই।’
তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরে বলেন, ‘দেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নকে ব্যহত করতে বিএনপির নেতৃত্বে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সারা দেশে হরতাল দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে উন্নয়নকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।’
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সহ-সভাপতির সভাপতিত্বে আলোচন সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

