নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকার বাকশাল প্রতিষ্ঠা এবং বিরোধী নেতা কর্মীকে প্রতিহত করার জন্য দলীয় নেতা কর্মীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা করা।’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘আমার দেশ খুলে দাও, মাহমুদুর রহমানের মুক্তি দাও’ শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার যে অপচেষ্টা চলাচ্ছে তা সফল হতে দেয়া হবে না। আগামী ২০১৪ সালের মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারে পতন ঘটানো হবে।’
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে। সেই নির্বাচনে বিএনপি জয়ী হবে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।’
তিনি বলেন, ‘তারা স্বৈরশাসন ও বাকশাল প্রতিষ্ঠিত করতে এক একটা কালা কানুন তৈরি করছে।’
এ সময় তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল করিব খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভুইঁয়া, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ।

