মহানগরীতে টহলরত পুলিশ ৪ রাউন্ড তাজা বুলেটসহ একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ১১ এপিল (শনিবার) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যায় সোনাডাঙা থানার হাজী ইসমাইল রোডের চশমাওয়ালার মোড়ের পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন পল্লীমঙ্গল জামে মসজিদের সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন যুবক অবস্থান করছিল। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে কেডিএ এভিনিউের দিকে চলে যায়। তাদের মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই জন তাদের মোটরসাইকেলটি রাস্তার উপর রেখে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি ঘটনাস্থলে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে ১টি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি তাজা বুলেট, একটি নীল কালো রঙের সুজুকি জিক্সার মোটর সাইকেল উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

