দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফসল, বাড়ীঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়ার সাথে শুরু হয় ভারী শিলা বৃষ্টি। প্রায় ২০-৩০ মিনিট স্থায়ী এই শিলা বৃষ্টিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের মানুষের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিলা বৃষ্টির আঘাতে আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফলের বাগানের গাছ থেকে অসংখ্য ফল ঝরে পড়ে এবং অনেক গাছের ডালপালা ভেঙে যায়। এছাড়াও টিনের ছাউনি দেওয়া বহু বসতবাড়ির টিন ফুটো হয়ে যায় এবং অনেক জায়গায় ঘরের চালা ক্ষতিগ্রস্থ হয়।

