“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

