পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় মামুন খাঁ নামের এক যুবকের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ঘটনায় বিএনপি-যুবদল ও যুবলীগের নেতাদের নাম উল্লেখ করে ৯ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মো. আব্দুল গনি খাঁ।
মামলায় অভিযুক্তরা হলেন, কিসমত খাটাশিয়া গ্রামের ছেলে কাঁকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, কাকড়াবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মাসকুর হাওলাদার, গাবুয়া গ্রামের মৃত্যু আবুল হাসেম মাস্টারের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম চান, হানিফ মৃধা, আবুসালে মূসা, ছগির মল্লিক, সিয়াম, আব্দুর রহিম চাঁন, আলমগীর হাওলাদাসহ অজ্ঞাত আরও ১০/১২জন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মামুন খাঁ মাহেন্দ্র ট্রাক্টর দিয়ে বিভিন্ন মানুষের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মামুন খাঁ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, গত ৩০ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে মামুন খাঁ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাকড়াবুনিয়া এলাকার বোবাবাড়ীর সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তারা পুনরায় চাঁদা দাবি করেন। মামুন খাঁ অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় একাধিক ব্যক্তি লোহার রড ও লাঠি দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে অ্যাসিড জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মামুন খাঁর বাবা মো. আব্দুল গনি খাঁ ।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

