ঢাকাWednesday , 10 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে দুই ফসলি জমিতে সরিষা আবাদ

Link Copied!

মেহেরপুরে অনাবাদি ও দুই ফসলি জমিতে সরিষা আবাদ করে লাভের আশা করছেন চাষিরা। ভাল ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষকদের খরচ কমাতে ও উৎপাদন বৃদ্ধি করতে জেলা কৃষি বিভাগ দিয়েছে সব ধরনের সহযোগিতা। সরিষার ফুলের সঙ্গে কৃষকের আশার আলোও ছড়িয়ে পড়েছে মাঠময়। ভাল আবহাওয়া থাকলে এই মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছে মেহেরপুরের কৃষকরা। সরেজমিনে দেখা গেছে, জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে অন্যান্য আবাদের সাথে সরিষার রঙিন উৎসব। মাঠের দিকে তাকালেই চোখে পড়ে হলুদ ফুলের সমারোহ। একেবারে যেনো হলুদের কারুকাজে সাজানো প্রকৃতি। বাতাসে দোল খাচ্ছে সরিষার সবুজ পাতার ওপর হলুদের ঘ্রাণ সেই সঙ্গে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। অনাবাদি ও দুই ফসলি জমিতে সরিষা আবাদ করে পরিবারে তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় করার আশা করছেন চাষিরা। মাইলমারী গ্রামের কৃষক আমাদের যেসব জমি আমন আবাদের পর কিছুদিন পড়ে থাকে সেসব জমিগুলোতে সরিষার আবাদ করি। এতে অল্প খরচে এবং চাষে নিজের বাড়ির তেলের চাহিদা মেটানোর পাশাপাশি একটি মোটা অংকের টাকা আয় হয়। ভাটাপাড়া গ্রামের কৃষক ফরমান আলী বলেন, সরিষা আবাদে খরচ কম, লাভ বেশি। তাই এই চাষের ফলে পতিত জমিটুকু থেকেও আমরা একটি মোটা অংকের আয় করি। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭ হাজার ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এই ক্ষেত থেকে ১১ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সরিষা চাষে আগ্রহ তৈরি করতে জেলায় ৬ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্জিব মৃধা জানান, সরিষা তেলজাতীয় একটি আবাদ। আমন চাষের পর কিছুদিন জমি পতিত থাকে। সেসময় কৃষকরা এই চাষটি করে থাকেন। তারা অল্প খরচে অল্পদিনেই একটা ভাল আয় করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষটি উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনাসহ নানাভাবে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি।