ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শীতের শুরুতেই আগাম আলু চাষে প্রাণচাঞ্চল্য

Link Copied!

শীতের হাওয়া নামতেই চা পাথর সমৃদ্ধ হিমালয়কন্যা পঞ্চগড়ে শুরু হয়েছে আগাম জাতের আলু চাষের ব্যস্ততা। জেলার উঁচু জমিগুলোতে ইতোমধ্যে কৃষকেরা কেউ ধান কেটে জমি প্রস্তুত করছেন, কেউ চাষ দিচ্ছেন, আর কেউবা বীজ বপণে ভোর থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকেরা মনে করছেন এ সময়টাই আলু চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। কৃষকেরা জানান, আগাম জাত হিসেবে তারা বিনা-৭, সানসাইন, এস্টোরিক, কার্ডিনাল, ডায়মন্ড, কারেজ ও রোমানা জাতের আলুর বীজ ব্যবহার করছেন। বর্তমানে বাজারে এসব আলুর বীজ কেজিপ্রতি ২০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই ধারণা করছেন সামনে দাম আরও কিছুটা কমতে পারে। মাঠজুড়ে চলছে জমি তৈরির কাজ আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, বীজ সংগ্রহের প্রস্তুতি। কেউ বাজার থেকে বীজ কিনছেন, আবার অনেকেই সারাবছর নিজে সংরক্ষিত আলু বীজই ব্যবহার করছেন। গড়িনাবাড়ি ইউনিয়নের কৃষক শ্রী সেবারু চন্দ্র জানান, জমি তৈরি, সার, বীজ ও কীটনাশকসহ প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার মতো খরচ হয়। দেবীগঞ্জের সোনাহার এলাকার চাষি আব্দুল ওয়াদুদ বাবুর ভাষায়, “বীজের দাম এবার কম হলেও সার আর কীটনাশকের দাম বেশ চড়া। সরকার নির্ধারিত দামে পেলে খরচ অনেকটাই কমে যেত।” সদর উপজেলার বোদাপাড়া গ্রামের কৃষক জয়নুল ইসলামও একই অভিমত দেন। আটোয়ারী উপজেলার কিসমত রসেয়া গ্রামের কৃষক ইব্রাহিম কৃষাণ নিয়ে আলু বপনে ব্যস্ত। একই গ্রামের রফিকুল ৫০ শতক জমিতে আগাম জাতের আলু রোপণ করছেন। তাদের মতে, বীজের দাম সাশ্রয়ী হলেও সার ও কীটনাশকের দামের কারণে মোট খরচ বাড়বে। তবে আবহাওয়া ভালো থাকলে এবং রোগবালাই না হলে লাভের সম্ভাবনা বেশ ভালো। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, আলু চাষের জন্য জমি ৬-৭ বার চাষ দিয়ে নরম ও ঝুরঝুরে করতে হবে। প্রতি বিঘায় এমওপি ১৫ কেজি, টিএসপি ১৫ কেজি, জিপসাম ২০ কেজি, ইউরিয়া ২০ কেজি, বোরণ ২ কেজি ও দস্তা ১ কেজি প্রয়োগের পরামর্শ দেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ইতোমধ্যে ৯১৭ হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন বলেন, কৃষকদের আগাম জাতের আলু আবাদে উৎসাহিত করা হচ্ছে এবং বর্তমানে আবহাওয়াও এ চাষের জন্য বেশ সহায়ক।