ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল

Link Copied!

জয়পুরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘রিভিউ প্ল্যাকার্ড’ ও ধানের শীষের প্রতীক হাতে নিয়ে বিশাল গণমিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা। বুধবার বিকেলে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলকারীরা ‘পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন’ লেখা প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, এই আসনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ায় জামায়াত নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের দাবি জামায়াত মনে করছে বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী ভোটে শক্ত অবস্থানে নেই, যার সুযোগে এ আসনে জামায়াত প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই জনসমর্থন আছে এমন নেতৃত্বকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দলীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি। এর মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানই মনোনয়ন পাওয়ার দৌড়ে ছিলে অগ্রগামী। শেষ পর্যন্ত মাসুদ রানা প্রধান মনোনীত হন। মনোনয়ন বাতিলের দাবিতে ফয়সল আলিমের হাজারো সমর্থকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ১৪ নভেম্বরও একই দাবিতে শোডাউন করা হয়েছিল। মনোনয়ন ঘোষণার পর পাঁচবিবিতে আরও একটি মিছিল বের করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। গণমিছিলে অংশ নেওয়া বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হোসেন বলেন, আমরা জয়পুরহাট-১ আসনে দলীয় প্রার্থী পরিবর্তন চাই। প্রার্থী পরিবর্তন না হলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান সাংবাদিকদের বলেন, প্রার্থী পরিবর্তনের গণমিছিল নিয়ে মন্তব্য করা আমার রুচিতে বাধে। তারপরও বলছি যারা মিছিল করেছেন তারা বিএনপির কেউ নন। নেপথ্যের ব্যক্তিরা অতীতেও জিয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এখনো সেই চেষ্টা করছেন।