বুধবার (১২ নভেম্বর) ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিরপুর ১৩ নম্বর সেকশনস্থ সরকারি আয়ুর্বেদী মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়। এরপর মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলার কাছাকাছি হয়ে ঘুরে শেওড়াপাড়ায় এসে শেষ হয়। গণমিছিল শুরুর পূর্বে কাফরুল থানার অর্ন্তভূক্ত ৪, ১৪, ১৬ ও ৯৪ নম্বর ওয়ার্ড এবং মিরপুর থানার আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমরা রক্তপাতের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় করেছি। সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের গণতন্ত্রকামী তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা হবে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন আব্দুল, আশরাফুজ্জামান জাহান, এএফএমএ খালেদ, কাফরুল থানা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন জিল্লু, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরামসহ কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যগণ, সাবেক নেতৃবৃন্দ, কাফরুল থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষও এই গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ধানের শীষের পক্ষে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা নেচে গেয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নানামুখী স্লোগানে রাজপথ মাতিয়ে তোলেন। গণমিছিল শেষে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

