আগামী সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও জ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে মেধাবী শিক্ষার্থীরা বিশাল ভূমিকা পালন করতে পারে। তোমরাই আগামী দিনের নক্ষত্র। উন্নত শিক্ষা ব্যবস্থা উত্তম চরিত্র গঠনে বড় ধরনের সহায়ক শক্তি। আজকের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও চৌকস। তোমরাই একদিন এ জাতির হাল ধরবে। ১০ নভেম্বর সোমবার রাজধানীর শেওড়াপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা-১৫ আসনের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন আব্দুল, আশরাফুজ্জাহান জাহান, এএফএ খালেদ, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম প্রমূখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন এবং তারা বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং মেধার প্রসার ঘটাতে তারা আরও সাহস পাবে। কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি শফিকুল ইসলাম খান কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন।

