নিজস্ব প্রতিবেদক :
দুই নেত্রীর কাছে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল আরএনএসবিডি২৪ডটকম এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গণতন্ত্র গণমাধ্যম ও আজকের বাংলাদেশে শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘জনতা ব্যাংকের সাবেক পরিচালক আবুল ড. আবুল বারকাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘জনতা ব্যাংক থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঋণ চেয়েছিলেন। তিনি (বারকাত) দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে সরানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। অর্থমন্ত্রী এত বড় কাজ করেছেন আর তার জবাব দেবেন না তা হবে না?’
তিনি বলেন, ‘আমরা সবাই দলবাজির মধ্যে পড়ে গেছি। একারণে সত্য কথাটা বলতে পারছি না। আজ ডাক্তার, উকিল এদের মাঝে আওয়ামী লীগ বিএনপি ঢুকে গেছে। তাহলে দেশ বাঁচবে কি করে?’
একে খন্দকারের বইয়ের বিষয়ে তিনি বলেন, ‘উনি তার বইয়ে যা লিখেছেন তা সত্য কি মিথ্যা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে বঙ্গবন্ধু যদি জয় পাকিস্তান বলেও থাকেন অন্যায় করেননি। কেন না উনি বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন।’
তিনি দুই জোটের সমালোচনা করে বলেন, ‘আমাকে বলা হয় অমি আওয়ামী লীগের সমালোচনা করি। বিএনপি তো ক্ষমতায় নেই তাহলে সমালোচনা করবো কার? জবাব চাইবো কার কাছে?’
দুই জোট ও দুই নেত্রীর কাছে কেউ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, স্বাধীনতা পরিষদের সদস্য ফজলুল হক, কবি আবুবকর সিদ্দিক, দৈনিক ফরিদপুরের সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।


