আন্দোলন ও সংগ্রামের একটি পর্ব শেষ হয়েছে এখন দ্বিতীয় ‘পর্ব’ শুরুর পালা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১৫ বছরের আন্দোলন-সংগ্রামের কথা বর্ণনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্দোলন বলুন, সংগ্রাম বলুন এবং যুদ্ধই বলুন- যেভাবেই বলুন না কেনো? সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? গত একযুগেরও বেশি সময় ধরে যে দাবি আমরা করে আসছিলাম, কি ছিল সেই দাবি? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এদেশের মালিক এদেশের ২০ কোটি জনগণ। দেশের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে, সেভাবেই দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের প্রধান উপায় হচ্ছে, ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে দেয় যে- এদেশ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারা পরিচালনা করবে। অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট। যার জন্য বিএনপিসহ বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এদেশের মানুষ গুম ও হত্যা শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল, জুলুম এবং মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

