নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেছেন, ‘মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়নি, কেবল পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।’
বৃস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গঠনতন্ত্র মেনেই দলের চেয়ারম্যান তাদের বহিষ্কার করেছেন। তবে বহিষ্কারের কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নন এরশাদ।’
বুধবার জাপার স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মশিউর রহমানা রাঙ্গা ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে সরিয়ে দেন এরশাদ।
এরশাদের একান্ত সহকারী সাবেক মেজর খালেদ তখন বাংলামেইলকে বলেন, ‘পার্টির নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে স্যার পার্টির ৩৯ ধারা মোতাবেক অব্যাহতি দিয়েছেন।’
এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা সংসদীয় কমিটির এক সভায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়ে এরশাদকে আগে তার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে আসার জন্য মন্তব্য করেছিলেন তিনি।
অপরদিকে তাজুল ইসলাম এক গণমাধ্যমকে বলেছিলেন আগে এরশাদ পদত্যাগ করুক, তারপর আমরা পদত্যাগ করবো।
তার এমন বক্তব্যের জের ধরে মঙ্গলবার নেতাদের সামনেই এরশাদ বলেছিলেন, ‘আমি ওকে দল থেকে বহিষ্কার করবো।’

