লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৫ পুলিশ ও বাশার বাহিনীর সদস্য ইউনুস গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে পুলিশের পৃথক অভিযান চলাকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের গোপিয়ারখিল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুপুরে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে গোলাগুলির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আহত পুলিশ ও গুলিবিদ্ধ ইউনুসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, সদর উপজেলার দিঘলী ইউনিয়নের গোপিয়ারখিল নামক স্থানে বাশার বাহিনীর অবস্থান টের পেয়ে পুলিশ ভোরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। এতে বাশার বাহিনীর সদস্যকে আহত অবস্থায় পুলিশ আটক করে।
সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের এএসআই মাহে আলম, জহিরুল ইসলাম, বাহার উদ্দিন, নাজমুল হাসান, আবু সুফিয়ান আহত হয় বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
অপর দিকে সদর থানার পুলিশ জানায় গভীররাতে দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোসেন শামীমের বাড়ির পাশ থেকে মো. খোরশেদ ও আজাদ হোসেন নামে দুই সন্ত্রাসীকে পুলিশ ২টি এলজি ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে।


