ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় নেতাকে বিদায় জানালো তাবরিজবাসী

Link Copied!

শোক আর শ্রদ্ধায় ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসিসহ প্রয়াত নেতাদের বিদায় জানালো তাবরিজবাসী। শেষ বিদায়ের তিনদিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন রাজধানী তেহরানে জানাজা শেষে বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে তার জন্মশহর মাশহাদে।
পিচঢালা রাজপথ যেনো ঢাকা পড়েছে কৃষ্ণবর্ণের পোশাকধারীদের জনস্রোতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমীর আব্দুল্লাহিয়ানসহ নিহত ৮ জনের জানাজায় অংশ নিতে শোকাতুর নগরবাসীর ঢল নামে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে।
দুঃখ ভারাক্রান্ত বেশিরভাগ নারী-পুরুষের পরনে ছিলো শোকের রঙ; বেদনার রঙ। জানাজা শুরুর আগ পর্যন্ত চলে আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া। শোককে শক্তিতে পরিণত করতে ইসরাইল বিরোধী শ্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
পাঁচদিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন শেষ বিদায়ের আয়োজনে অংশগ্রহণকারীদের তৃষ্ণা আর ছোট্টখাটো ক্ষুধা মেটাতে তৎপর ছিলেন স্বেচ্ছাসেবকরা। জানাজা স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হলেও সকাল থেকে জনতার ঢল নামে আজারবাইজান প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর তাবরিজে। শ্রদ্ধা জানানো হয় নিহত প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ আটজনের প্রতি। শোক পালনের আয়োজনে জনতার ঢল নামে রাজধানী তেহরানেও।
তাবরিজের পর রাইসি ও আব্দুল্লাহিয়ানের লাশ নিয়ে যাওয়া হয় পবিত্র শহর কুমে। সেখানে জানাজা শেষে প্রয়াত নেতাদের কফিন রাজধানী তেহরানে নিয়ে বুধবারের আয়োজনে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় শ্রদ্ধা, দোয়া ও জানাজা শেষে রাইসির লাশ তার জন্মশহর মাশহাদে নিয়ে দাফন করা হবে বৃহস্পতিবার।
এদিকে, যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য তেহরানের পক্ষ থেকে সহায়তার আহ্বান কৌশলগত কারণে সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মিলার বলেন, ‘ইরানের সরকারের পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। তখনই আমরা জানিয়ে দিয়েছি, এধরণের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে সাড়া দিয়ে সহায়তার জন্য এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষপর্যন্ত এবিষয়ে আমরা কোনো সাহায্য করবো না। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা ইরানের বিমানের ওপর আমাদের নিষেধাজ্ঞা বহাল আছে। ৪৫ বছরের পুরানো বিমান ব্যবহার করে দুর্ঘটনায় পরার জন্য ইরানের সরকারই দায়ি; অন্য কেউ নয়।’
এদিকে, রাইসির জন্য দেশে দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত করে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করেছে ভারত। রাষ্ট্রীয় শোক পালন করেছে পাকিস্তান। ইসলামাবাদে ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে প্রতিক্রিয়া লিখে সই করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইরাকের বাগদাদ, বসরাসহ বিভিন্ন শহরে ইরানের দূতাবাস ও কনস্যুলেটের বাইরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনার দ্বিতীয় দিনেও অব্যাহত আছে রাইসির জন্য বিশ্বনেতাদের শোক প্রকাশ। রাইসিকে অসামান্য রাষ্ট্রনায়ক ও ঘনিষ্ট বন্ধু উল্লেখ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তার মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়ে গেলো। রাইসির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনায় বিবৃতি দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
পোপ বলেছেন, ইরান যেনো এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারে। রাইসির জন্য শোক প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দাঁড়িয়ে নিরবতা পালন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা। সূত্র: বিবিসি, আল জাজিরা