ঢাকাMonday , 20 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মুখবার

Link Copied!

ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সঙ্গে নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। এই অবস্থায় দেশটিতে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। আর তা কাটিয়ে উঠতেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব নিতে যাচ্ছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সংবিধান অনুসারে কোনো কারণে মেয়াদ শেষ হওয়ার আগে দেশটির সরকারপ্রধান তথা প্রেসিডেন্টের পদ শূন্য হলে সেই পদে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। আর মোহাম্মদ মুখবার বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তবে মুখবারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে। ইরানের সংবিধান অনুসারে মোহাম্মদ মুখবার আগামী ৫০ দিন দায়িত্ব পালন করতে পারবেন এবং এই সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬২ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর শাসনামলে চীন, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন করে তেহরান। ইসরায়েলে আলোচিত ইরানি হামলার সময়ও প্রেসিডেন্ট ছিলেন তিনি।
এর আগে, আজ সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার আগে, গতকাল রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।