রাজধানীর মিরপুরের পল্লবীর কালশীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষে গুলিবিদ্ধ মো. সাগর (২৩) নামের এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৯ মে) বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ ওই যুবক ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নিখরদী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় ভাড়া থাকেন। তিনি একটি পাঞ্জাবির কারখানায় চাকরি করে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
গুলিবিদ্ধ যুবকের সহকর্মী রাকিবুল মিয়া বলেন, আমরা উত্তরা থেকে বাউনিয়া বাঁধ মিরপুরে আমাদের বাসায় ফিরছিলাম। তখন রাস্তায় আমরা দেখতে পাই ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের বেশ কয়েকটি গুলি সাগরের গলায় এবং বুকে লাগে। এতে গুরুতর আহত হয় সাগর। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সাগর।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

