নরসিংদীতে বজ্রপাতে ধান কাটার এক শ্রমিক এবং এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচদোনা ইউনিয়নের চাকশাল বোনদের গাও গ্রামের আমির ইসলামের ছেলে কবির মিয়া এবং বাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে স্থানীয় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বিজয় (১২)।
জানা গেছে, এদিন বিকালে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল এলাকায় মাঠে ধান কাটছিলেন কবির মিয়া ও সিরাজ মিয়া।
অন্যদিকে পাশের মাঠে ফুটবল খেলছিল বিজয় (১২) ও সৌরভ (১০)। এ সময় বজ্রপাত হলে কবির মিয়া ও বিজয়ের মৃত্যু হয় এবং সিরাজ মিয়া ও সৌরভ আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
জমির মালিক চাকশাল এলাকার মোমেন মিয়া জানান, জমির ধান কাটতে পাঁচদোনা মোড় থেকে দুইজন শ্রমিক আনা হয়। দুপুর পর্যন্ত ধান কেটে খাবার খেতে যায় তারা। ফিরে ধান কাটতে থাকলে কিছু সময় পরই বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় কবির মিয়ার মৃত্যু হয় এবং সিরাজ মিয়া আহত হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহমুদুল কবীর বাশার জানান, বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

